বিশ্বকাপ সেমিফাইনাল নিয়ে এখনো দুঃস্বপ্ন দেখেন ভারতের ক্রিকেটার
প্রায় এক বছর হতে চলল। ওয়ানডে বিশ্বকাপ শেষ হয়ে আরেকটি বিশ্বকাপের অপেক্ষায় ক্রিকেট। করোনাভাইরাসের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য অবশ্য এখনো অনিশ্চিত। কিন্তু কে এল রাহুল ভবিষ্যত নয়, এখনো অতীত নিয়েই পড়ে আছেন। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের স্বাদ যে এখনো ঘুমাতে দেয় না ভারতীয় ব্যাটসম্যানকে।
ভারতজুড়ে লকডাউন মে মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি ভারতের ক্রিকেটারদের। টিভি সঞ্চালক ও ধারাভাষ্যকার সুহাইল চাঁদকের সঙ্গে 'দ্য মাইন্ড বিহাইন্ড' নামের এক অনুষ্ঠানে নিজের অলস সময়ের কথা জানিয়েছেন রাহুল, 'আমি ও আমার পরিবার বেঙ্গালুরুতে আছি। আমরা নিরাপদ আছি। আমি শুধু যা সম্ভব তা করার চেষ্টা করছি, ব্যস্ত থাকছি। আমি এখনো বিরক্ত হয়ে পড়িনি, এখনো টিকে আছি। তবে এটাও ঠিক, বহুদিন পর এভাবে ঘরে সময় কাটাতে পেরেও ভালো লাগছে। যখন টানা খেলছিলাম, তখন সবাই একটু ছুটির আশা করছিলাম। এখন সবাই অনেক বড় ছুটি পেয়েছি। আর এখন সবার মনে হচ্ছে এত বড় ছুটি দরকার নেই।'
এরপরই বিশ্বকাপের সেমিফাইনাল প্রসঙ্গ উঠে এসেছে। রাহুলকে জিজ্ঞেস করা হয়েছিল, সুযোগ পেলে কোন ম্যাচের ভাগ্য বদলাতে চান? ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান উত্তর দিতে দুবার ভাবেননি, 'বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি। আমাদের অনেকেই এখনো সে ম্যাচের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি। এখনো আমাদের তাড়া করে ফেরে সে ম্যাচ। আমি ভাবতেও পারছি না সিনিয়র ক্রিকেটারদের কেমন লাগছিল। বিশ্বকাপের ম্যাচ বলেই ব্যাপারটা আরও কঠিন। বিশেষ করে যেখানে পুরো টুর্নামেন্ট এত ভালো খেলেছি! এখনো সে ম্যাচ নিয়ে দুঃস্বপ্ন দেখে জেগে উঠি।'

0 Please Share a Your Opinion.: